এতিম শিশুদের মুখে আনন্দের হাসি ফোটাতে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন (আশ ফাউন্ডেশন) এবং যুক্তরাজ্যভিত্তিক সংস্থা “সেন্ড এ লিটল হোপ” যৌথ উদ্যোগে পরিচালনা করছে মানবিক প্রকল্প ‘প্রজেক্ট হোপ’।
প্রকল্পের আওতায় একশ’ জন এতিম শিশুকে এক বছর মেয়াদে প্রতি মাসে তিন হাজার তিনশত ষাট টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই অর্থ শিশুদের খাদ্য, শিক্ষা ও দৈনন্দিন প্রয়োজন মেটাতে ইলেকট্রনিক ব্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি প্রদান করা হয়। প্রতি মাসে মোট তিন লাখ টাকা বিতরণ করা হয়।
এর ধারাবাহিকতায় গত ৬ ফেব্রুয়ারি আল হুমায়রা মহিলা মাদ্রাসায় আয়োজন করা হয় “অরফকাইন্ড, এতিম সহায়তা কর্মসূচি ২০২৬” শিরোনামের একটি সেশন। সেশনে এতিম শিশুদের মধ্যে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সচেতনতা বৃদ্ধির জন্য কার্যক্রম অনুষ্ঠিত হয়। শিশুদের হাত ধোয়া, আশপাশ পরিচ্ছন্ন রাখা শেখানো হয়। পাশাপাশি শিশুদের মেধা বিকাশের জন্য চিত্রাঙ্কনের আয়োজন করা হয় এবং শিশুদের হাতে সাবান বিতরণ করা হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, ছোট ছোট এই নিষ্পাপ শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্ড এ লিটল হোপ-এর প্রধান নির্বাহী মুজাহিদুল ইসলাম এবং আশ ফাউন্ডেশনের সভাপতি প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন। আয়োজকরা জানান, প্রজেক্ট হোপ শুধুমাত্র আর্থিক সহায়তা নয়, এটি প্রতিটি শিশুর জন্য যত্ন, মর্যাদা এবং উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি।
প্রকল্পটি ২০২৫ সালের ১৬ ডিসেম্বর থেকে শুরু হয়েছে। বাংলাদেশে অবহেলিত এতিম শিশুদের জীবনে আশার আলো জ্বালাতে ‘প্রজেক্ট হোপ’ সময়োপযোগী উদ্যোগ হিসেবে কাজ করছে।



মন্তব্য নেওয়া বন্ধ।