অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার (ডি. লিট) ডিগ্রি প্রদান করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বুধবার (১৪ মে) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার হাতে সম্মানসূচক ডি. লিট ডিগ্রি তুলে দেওয়া হয়।
চবি উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে আমার ওপর অর্পিত ক্ষমতাবলে দারিদ্র্য বিমোচন ও শান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডি–লিট ডিগ্রি প্রদান করছি।
এ সময় শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার চৌধুরী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ, বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (একাডেমিক) মোহাম্মদ শামীম উদ্দিন খান ও সহ-উপাচার্য (প্রশাসন) মো. কামাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সম্মাননা প্রদান করা হয়।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে ২২ হাজার ৫৮৬ শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হচ্ছে। এ ছাড়া এতে ৪২ জন পিএইচডি ও ৩৩ জনকে এমফিল ডিগ্রিধারী রয়েছেন। সমাবর্তনের প্রাক্কলিত বাজেট প্রায় ১৪ কোটি টাকা। এর মধ্যে শিক্ষার্থীদের কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের আয় হয়েছে ৬ কোটি টাকা। সবচেয়ে বেশি খরচ প্যান্ডেল, সাজ-সজ্জা ও আবাসন ব্যবস্থাপনা কার্যক্রমে।



মন্তব্য নেওয়া বন্ধ।