চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধুরুং খালে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া সাইমন (৭) নামের এক শিশুর মরদেহ চার ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শুক্রবার (৬ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। দীর্ঘ তল্লাশির পর বিকেল সাড়ে ৩টার দিকে ঘটনাস্থল থেকেই শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাইমন ওই এলাকার মো. আইয়ুবের ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
সাইমনের বড় ভাই জানান, আমার ভাই খালে গোসল করছিল। হঠাৎ পানির স্রোত বেড়ে যায় এবং সে তাতে ডুবে যায়। আমরা চেষ্টা করেও তাকে বাঁচাতে পারিনি।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফটিকছড়ি ফায়ার সার্ভিস ও থানা পুলিশ। পরে চট্টগ্রাম শহর থেকে বিশেষ ডুবুরি দল এসে অভিযান পরিচালনা করে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহম্মদ বলেন, ধুরুং খালে পানিতে ডুবে নিখোঁজ হওয়া শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।



মন্তব্য নেওয়া বন্ধ।