চট্টগ্রামের ভূজপুর থানার হাসনাবাদে জায়গা দখলে নিতে রাতের আঁধারে বসতবাড়িতে দলবল নিয়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলায় টিনের বসতঘর ভেঙে তছনছ ও সীমানা বেষ্টনী ভাঙচুর করে অনত্র ছুড়ে ফেলা হয়েছে। এ সময় ঘরে রক্ষিত স্বর্ণলংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। গত ৯ আগস্ট (শনিবার) রাত ২টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী মো. জামাল উদ্দিন বাদী হয়ে প্রতিবেশী মো. জসিম, বোরহান উদ্দিন, মো. সেলিম, মো. আজম, বেলাল, দেলোয়ার হোসেন প্রকাশ দেলা, মোহাম্মদ আজম ও পারভীন আক্তারসহ অজ্ঞাত কয়েজনকে আসামি করে ভূজপুর থানায় অভিযোগ করেছেন।
সরেজমিনে দেখা যায়, একটি টিনশেট ঘর দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তছনছ করা হয়েছে। বাড়ির সীমানা প্রাচীর ভেঙে উপড়ে ফেলে দেয়া হয়েছে। কেটে ফেলা হয়েছে অসংখ্য ফলজ গাছ।
ভুক্তভোগী জামাল উদ্দিন বলেন, কিছুদিন পূর্ব জায়টা আমরা খরিদ করেছি। সেখানে টিনের বেষ্টনী ও একটি টিনশেট ঘর ছিল। ঘরে একটি পরিবার ভাড়া নিয়ে থাকত। জায়গা-জমির বিরোধ থাকতে পারে। তা সামাজিক বৈঠক বা আইন আদালতের মাধ্যমে সুরাহা করা যায়। কিন্তু এভাবে সন্ত্রাসী কায়দায় রাতের অন্ধকারে ২০/৩০ জন লোক এনে ভাংচুর চালাবে তা কল্পনার বাইরে। আমি এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চাই।
অভিযুক্ত সেলিম বলেন, আমাদের সাথে জায়গা-জমির বিরোধ রয়েছে। কিন্তু ঘর ভাংচুর ও সম্পদ লুটপাটের বিষয়ে আমি কিছুই জানি না। এ ঘটনায় অন্য অভিযুক্তদের মুঠোফোনে একাধিকবার ফোন দিয়েও বক্তব্য পাওয়া যায়নি।
ভূজপুর থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) মো. সাইদুল বলেন, ঘর ভাংচুর ও লুটপাটের একটা অভিযোগ পেয়েছি। সরেজমিনে পরিদর্শন করে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেয়া হবে।



মন্তব্য নেওয়া বন্ধ।