ফটিকছড়িতে ‘জুলাই আন্দোলনের’ চেতনায় সমাজ গঠনের শপথ

চট্টগ্রামের ফটিকছড়িতে ‘জুলাই পুনর্জাগরণের সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ’ কর্মসূচির
অংশ হিসেবে ভার্চুয়াল আলোচনা সভা ও শপথগ্রহণ অনুষ্ঠান হয়েছে।

শনিবার (২৬ জুলাই ) সকাল সাড়ে নয়টায় উপজেলা বীরমুক্তিযোদ্ধা জহুরুল হক মিলনায়তনে
উপজেলা সমাজসেবা অধিদপ্তর ও মহিলা অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই অনুষ্ঠান আয়োজন হয়।

অনুষ্ঠানটি দু’টি পর্বে দেখানো হয়। এরমধ্যে প্রথম পর্বে ভিডিও কনফারেন্সে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কন্ঠে শপথ পাঠের কেন্দ্রীয় অনুষ্ঠানে সংযুক্ত থাকা এবং দ্বিতীয় পর্বে সমাজগঠনে নারী ও শিশুর সুরক্ষা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শপথ অনুষ্ঠানে শতাধিক সমাজসেবা মন্ত্রণালয় ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সেবাগ্রহীতা অংশ নেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্মিলত সংগীত পরিবেশন করেন উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা।

শপথপত্রে নারী ও শিশু নির্যাতন দূর করে শহরে গ্রামের মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করার অঙ্গীকার করা হয়। অন্যায়, দূর্নীতি ও বৈষম্য নারী নির্যাতন আর দারিদ্রের অপমান থেকে মাতৃভূমিকে মুক্ত করার অঙ্গিকার করেন অংশগ্রহণকারীরা।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোজাম্মেল হক চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজীব আচার্য্য, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মোঃ শফিউল্ল্যাহ, উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) মোঃ আবু নাসের, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অদ্বৈত রায়, সহকারী সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আমিন উল্যাহসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন সংগঠন, সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য নেওয়া বন্ধ।