চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে জামাল উদ্দিন (৩২) নিহত হয়েছেন। এ সময় গুলিতে আরও একজন আহত হয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লেলাং ইউপির ৪নং ওয়ার্ডের শাহনগর দীঘিরপাড় এলাকায় হঠাৎ গোলাগুলির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে জামাল মারা যান। একই ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হন। আহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
জানা যায়, নিহতের নাম জামাল প্রকাশ ওরফে ছোট জামাল। গুরুতর আহতের নাম নাছির। তারা দুজনই শাহনগর এলাকার বাসিন্দা। তবে কারা বা কী কারণে তাদের গুলি চালিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুর্বৃত্তের গুলিতে তারা আহত হন। পরে ছোট জামালের মৃত্যু হয়েছে। নাছিরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, দুর্বৃত্তের গুলিতে একজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। বিস্তারিত পরে জানা যাবে।



মন্তব্য নেওয়া বন্ধ।