ফটিকছড়িতে হেলে পড়া ভবন পরিদর্শনে তদন্ত কমিটি, সেই ভবনটি ঝুঁকিমুক্ত

চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভা সদরে হেলে পড়া সেই ভবনটি ঝুঁকিমুক্ত বলে জানিয়েছেন বিশেষজ্ঞ তদন্ত কমিটির সদস্যরা। শনিবার (২৪ মে) কমিটির সদস্যরা সরেজমিনে যাচাই করে সাংবাদিকদের এমনটি জানান।

এরআগে, ভবনটি পাশের একটি ভবনের গায়ে হেলে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন বাসিন্দারা।

গত মঙ্গলবার স্থানীয়-জাতীয় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে সেদিনই উপজেলা প্রশাসন সরেজমিনে দেখে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। পূর্ব-নির্ধারিতমতে শনিবার সকালে তদন্ত কমিটির সদস্যরা সরেজমিনে ভবনের বিভিন্ন তলায় যান। তারা প্রতিটি কক্ষ পরিক্ষা-নিরীক্ষা করে দেখেন এবং হেলে পড়ার বিষয়টি অবলোকন করেন।

তদন্ত কমিটির আহবায়ক উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ বলেন, ‘ভবনের অবকাটামোগত কোন ত্রুটি চোখে পড়েনি। আপাত দৃষ্টিতে ভবনটি ঝুঁকিপূর্ণ নয়। তবে নকশা বহির্ভূত কাজ অপসারণ জরুরী। পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নিতে প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা গণপূর্ত অধিদফতরের বিশেষজ্ঞ কর্তৃক পূর্ণাঙ্গ স্ট্রাকচারাল এসেসমেন্ট দরকার।’

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘এর আগেও একই অভিযোগের ভিত্তিতে ভবনটিতে বিশেষজ্ঞ টিম তদন্ত করেছিলেন। কিন্তু তারা সমস্যা পায়নি। তবে ভবনটির নকশা বর্হিভূত কাজ অপসারণের উদ্যোগ নেওয়া হবে।’

প্রসঙ্গত, ফটিকছড়ির পৌরসভা সদরের উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের প্রায় ১০০ গজ সামনে বিএস ৭৮৫৫ নম্বর দাগের ওপর পৌরসভার বাসিন্দা মো. আবদুল খালেক এই ৭ তলা ভবনটি নির্মাণ করেন।

মন্তব্য নেওয়া বন্ধ।