চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরে প্রায় অর্ধশত কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এবারের বাজেট অর্থবছরের তুলনায় ৬৩ দশমিক ২১ শতাংশ বেশি।
সোমবার (৩০ জুন) বিকেলে পৌরসভার হলরুমে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোজাম্মেল হক চৌধুরী বাজেট সভায় এ বাজেট ঘোষণা করেন। বিগত অর্থবছরে (২০২৪-২৫) বাজেট ছিল ৩১ কোটি ৬২ লক্ষ ৯ হাজার ৩৯১ টাকা।
ঘোষিত নতুন রাজস্ব আয় খাতে ধরা হয়েছে ১১ কোটি ৭৭ লাখ ৫৬ হাজার ৬৫০ টাকা, উন্নয়ন খাতে ৩৯ কোটি ৫৮ লাখ ৪৯ হাজার ৮৬৫ টাকা, মূলধন খাতে ১৬ লাখ ১৯ হাজার ১৮৫ টাকা। এছাড়া ব্যয়ের খাতে রাজস্ব ব্যয় বাজেটে অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ খাতে ৩৯ কোটি ৫৮ লাখ টাকা, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা খাতে ৬০ লাখ টাকা, শিক্ষা ও সংস্কৃতি খাতে ১৮ লাখ টাকা ধরা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নজরুল ইসলাম,উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সৌনম বড়ুয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজীব আচার্য্য, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তানভীর আহমেদ সিদ্দিকী, ফটিকছড়ি থানার ওসি নূর আহমদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসানুল কবির, পৌরসভার নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, সহকারী প্রকৌশলী বিকাশ চন্দ্র দাস প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে পৌরসভার অন্যান্য কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাজেট আলোচনায় পৌরসভার উন্নয়ন, নাগরিক সেবা ও অবকাঠামোগত উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে পৌর প্রশাসক মোঃ মোজাম্মেল হক চৌধুরী। সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, ‘পৌর নাগরিকদের সুবিধা নিশ্চিত করতে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে বাজেট বাস্তবায়ন করা হবে। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। তিনি নাগরিকদের নিয়মিত পৌরকর পরিশোধে আহ্বান জানান।’



মন্তব্য নেওয়া বন্ধ।