ফুটবলার রিয়েলীর পাশে বিজিবি

পাহাড়ি জনপদের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন ও প্রতিভা বিকাশে নিরলসভাবে কাজ করে চলেছে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) জোন। শুধু সীমান্ত সুরক্ষায় নয়, খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডেও বিশেষ ভূমিকা রেখে চলেছে এ বাহিনী।

নতুন খেলোয়াড় তৈরির লক্ষ্যে ও আন্তর্জাতিক অঙ্গনে পার্বত্য অঞ্চলের সুনাম ধরে রাখতে নানা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে আসছে রাজনগর জোন। পাশাপাশি প্রতিভাবান খেলোয়াড়দের প্রেরণা জোগাতে আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদান করছে তারা।

সেই ধারাবাহিকতায় আসন্ন সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী গুলশাখালী ইউনিয়নের শান্তিনগর এলাকার উদীয়মান ফুটবলার রিয়েলী চাকমাকে সম্মাননা ও আর্থিক প্রণোদনা দিয়েছে রাজনগর জোন। সম্প্রতি জোন কমান্ডার লে. কর্নেল নাহিদ হাছানের উপস্থিতিতে এ সংবর্ধনা প্রদান করা হয়।

রিয়েলীর বাবা নবীন চাকমা জানান, পাহাড়ে বিদ্যমান নানা প্রতিবন্ধকতা মোকাবিলায় বিজিবি যেভাবে পাশে দাঁড়াচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয়। আমার মেয়েকে উৎসাহ দিয়ে বিজিবি যে সহযোগিতা করেছে। তা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি।

এ প্রসঙ্গে জোন কমান্ডার লে. কর্নেল নাহিদ হাছান বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে রাজনগর জোন স্থানীয় জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। খেলাধুলা তরুণদের গড়ার অন্যতম মাধ্যম — তাই ভবিষ্যতের ক্রীড়াবিদ তৈরিতে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

বিজিবির এমন উদ্যোগ শুধু রিয়েলী নয়, পাহাড়ের অসংখ্য তরুণের অনুপ্রেরণার বাতিঘর হয়ে উঠছে।

মন্তব্য নেওয়া বন্ধ।