চট্টগ্রামের আনোয়ারার বরুমছড়া শহীদ বশরুজ্জমান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তন উদ্বোধন ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও জাফর-আয়শা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আশরাফ সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত গুণী সাংবাদিক, চট্টগ্রামের দৈনিক আজাদীর সম্পাদক এমএ মালেক।
এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দ্যেশে বলেছেন, ‘পড়ার কোনো বয়স নেই, পড়ার কোনো বিকল্প নেই, তাই প্রচুর পড়তে হবে, জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। যদি জ্ঞান না থাকে তাহলে কোটি টাকার কলম দিয়েও লেখা বের হবে না। তাই লেখা আর বলার আসল শক্তি হলো জ্ঞান।’
তিনি আরও বলেন, প্রতিদিন পত্রিকার নিউজ যেমন পরিবর্তন হয়, ঠিক তেমনি সময়ও পরিবর্তন হয়। সময় কখনও দ্বিতীয়বার ফিরে আসে না, একবারেই চলে যায়। সুতরাং সময়কে মূল্য দিতে হবে। জীবনে যদি প্রতিষ্ঠিত হতে চাও, তাহলে তিনজন মানুষকে সম্মান করো ‘মা-বাবা আর শিক্ষক। এরাই তোমাদের কাছ থেকে তোমাদের সফলতাটায় আশা করে, আর কিছু না। জীবনের শুরু থেকে প্রতিজ্ঞা করে নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যেতে এবং সুন্দর জীবন গড়তে সকলকে পড়তে হবে বই।’
অনুষ্ঠান উদ্বোধন করেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম সরকারী টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষক প্রশিক্ষক ড. শামসুদ্দীন শিশির, বিশেষ অতিথি দৈনিক আজাদীর চীপ রিপোর্টার হাসান আকবর, সমন্বয়কারী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহাদত হোসেন, অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন অভিভাবক সদস্য মুহাম্মদ সালাউদ্দীন সুমন, শিক্ষক প্রতিনিধি জাহাঙ্গীর আলম। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী এবং অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।



মন্তব্য নেওয়া বন্ধ।