বন্ধুর বিয়ের বরযাত্রী গিয়ে সড়ক দুর্ঘটনায় পরপারে সাজ্জাদ

চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় বায়েজিদ থানার টেক্সটাই এলাকার শাহ আলম কন্টাক্টরের বাড়ির আবুল কালামের পুত্র মো. সাজ্জাদ (২৫) নামের এক বাইক আরোহী যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) দুপুরের উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজারের উত্তর পাশে কুমারী কুল রাস্তার মাথায় হাটহাজারী নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে। এতে চারজন গুরুতর আহত হয়।

তারা হলেন, শোবায়ের আহমদ, মেজবাহ শৈবাল, রুবায়েত উভয়ে বায়েজিদ থানাধীন টেক্সটাইল এলাকার। অন্যজন অটো রিক্সার ড্রাইভার মির্জাপুর ইউনিয়নের কালা বাদশা পাড়া এলাকার আব্দুল শুক্কর।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে নগরীর অক্সিজেন এলাকা থেকে বর যাত্রী নিয়ে মোটরসাইকেল সহকারে হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ এলাকায় বিয়েতে যাচ্ছিলেন দুর্ঘটনা কবলিতরা। বর যাত্রীর বহর উল্লেখিত স্থান অতিক্রম করার সময় বেপরোয়া গতিতে পাশাপাশি চলা আরেকটি বাইকের সাথে ধাক্কা খেয়ে রং সাইডে গিয়ে সাজ্জাদের বাইকটি (চট্ট মেট্টো ল-১৬৯৯৮১) একটি ব্যাটারিচালিত অটোরিকশার সাথে সংঘর্ষে জড়ায়।

এতে ঘটনাস্থলে বাইক আরোহী সাজ্জাদের মৃত্যু হয়। একই ঘটনায় গুরুতর আহত হয় সাথে থাকা আরও দুই ব্যক্তি। ঘটনার পর পর আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহতদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক আহতদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

ঘটনাস্থলে থাকা নাজিরহাট হাইওয়ে থানা পুলিশের এসআই শাহেদ জানান, নিহতের স্বজনদের খবর দেয়া হয়েছে তারা ঘটনাস্থলে এসেছেন। এছাড়া তাৎক্ষণিকভাবে গুরুতর আহতদের নাম ঠিকানা জানা সম্ভব হয়নি। আমরা কাজ করছি, পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।

জানতে চাইলে নাজিরহাট হাইওয়ে পুলিশের ওসি শাহাবুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

এদিকে একইদিন সকালের দিকে স্কুলে যাওয়ার পথে ওই সড়কের কালি বাড়ি মন্দিরের সামনে মোটরসাইকেল দূর্ঘটনায় কাটিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাবুদ্দিন চৌধুরী (৪২) গুরুতর আহত হয়েছেন।

মন্তব্য নেওয়া বন্ধ।