চট্টগ্রামের বাঁশখালীতে হরতালের সমর্থনে সড়কে গাছ কেটে ফেলে অবরোধের চেষ্টা করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। রবিবার (২০ জুলাই) ভোররাত চারটার দিকে উপজেলার সাধনপুর ও বৈলছড়ি ইউনিয়নের দুটি গুরুত্বপূর্ণ সড়কে এই ঘটনা ঘটে।
জানা গেছে, সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম ও বৈলছড়ি মহিলা কলেজের সামনের আঞ্চলিক সড়কে গাছ কেটে ফেলে রেখে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। ফলে প্রায় এক ঘণ্টা ওই পথে যান চলাচল বন্ধ থাকে। পরে ভোর পাঁচটার দিকে বাঁশখালী ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত গাছ সরিয়ে ফেললে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এই ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি ফেসবুক পেজ থেকে জানানো হয়, হরতালের সমর্থনে এই অবরোধ করা হয়েছে। তবে ছবি বা ভিডিওতে তেমন জনসমাগম বা বিক্ষোভের দৃশ্য দেখা যায়নি।
বাঁশখালী ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা আবদুল খালেক বলেন, ঘটনাস্থলে গিয়ে আমরা গাছগুলো সরিয়ে দেই। যান চলাচল স্বাভাবিক রাখতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়।
এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন,গাছ ফেলে সড়ক অবরোধের বিষয়টি জানার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। আমাদের ধারণা, পরিকল্পিতভাবে করাত দিয়ে গাছ কেটে দ্রুত ছবি তুলে পালিয়ে গেছে কেউ। ঘটনাটি নাশকতামূলক, আমরা জড়িতদের শনাক্তের চেষ্টা করছি।
তিনি আরও জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং রাতভর টহল জোরদার রাখা হবে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, এ ধরনের আচমকা অবরোধে জনদুর্ভোগ সৃষ্টি হয় এবং আতঙ্ক তৈরি হয়। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।



মন্তব্য নেওয়া বন্ধ।