বান্দরবানে এনসিপিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা

বান্দরবানের মর্যাদাহানিকর মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের নেতাকর্মীরা। রোববার (২০ জুলাই) দুপুরে বান্দরবান প্রেসক্লাবের সম্মেলন কক্ষে ‘বান্দরবান ছাত্রসমাজ’র ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনের নেতারা।

সংগঠনের বান্দরবান জেলা শাখার সভাপতি আসিফ ইকবাল বলেন, ৩ জুলাই পঞ্চগড়ে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ চলাকালে নেতা সার্জিস আলম বান্দরবানকে ‘শাস্তিস্বরূপ চাঁদাবাজ ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের পাঠানোর জায়গা’ হিসেবে উল্লেখ করেন। এ বক্তব্য শুধু অগ্রহণযোগ্যই নয়, বরং পার্বত্য চট্টগ্রামের সম্মান ক্ষুণ্ন করার চেষ্টা।

তিনি বলেন, একজন জাতীয় নেতা যদি একটি জেলার মর্যাদাকে এভাবে হেয় করেন, তবে তা পুরো পার্বত্য অঞ্চলের জনগণের প্রতি অবজ্ঞা ও বৈষম্যের প্রকাশ। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং অবিলম্বে সার্জিস আলমকে ক্ষমা চাইতে হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের জেলা সহসভাপতি মাহির ইমতেছার, সাধারণ সম্পাদক হাবিব আল মাহমুদ, ছাত্রনেতা খালিদ বিন নজরুল ও আমিনুল ইসলাম।

ছাত্রনেতারা জানান, সার্জিস আলমের বক্তব্য প্রত্যাহার না করা হলে তারা পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন।

প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ তিন পার্বত্য জেলার বাঙালিদের অধিকার নিয়ে কাজ করে। এদিকে এনসিপি নেতৃবৃন্দ রোববার ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে রাঙামাটি থেকে বান্দরবানের পথে রওনা হয়েছেন। তাদের আগমনের আগেই এনসিপিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করল ছাত্র সমাজ।

মন্তব্য নেওয়া বন্ধ।