গত জুন মাসের টানা বৃষ্টিপাতে বান্দরবানে ব্যাপক সড়ক ক্ষতির মুখে পড়েছে। সুয়ালক থেকে লামা অভ্যন্তরীণ সড়কের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে বড় গর্ত ও ফাটল দেখা দিয়েছে। কোথাও কোথাও রাস্তার একপাশ সম্পূর্ণ ধসে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মেরামত শুরু হয়নি। ফলে শিশুদের স্কুলে যাওয়া, ফসল পরিবহন ও জরুরি চলাচল মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তথ্য অনুযায়ী, জেলায় পাহাড়ি ঢলের কারণে প্রায় ১৫০ কিলোমিটার পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. তাসাউর জানান, “সুয়ালক-লামা সড়কের টংকাবতী অংশে রাস্তা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। ১০ দিনের মধ্যে কার্যাদেশ হাতে পেলে দ্রুত টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে মেরামত কাজ শুরু করা হবে।”
এদিকে সংশ্লিষ্ট দপ্তর থেকে জানানো হয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রায় ৬৩ কোটি টাকার একটি প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।



মন্তব্য নেওয়া বন্ধ।