বান্দরবানে নদীতে গোসলে নেমে সাবেক চবি শিক্ষার্থীর মৃত্যু

বান্দরবানের লামা উপজেলায় মাতামুহুরি নদীতে গোসলে নেমে স্রোতের তোড়ে ভেসে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক সাবেক শিক্ষার্থী মারা গেছেন। নিখোঁজের এক দিন পর শুক্রবার (৩ অক্টোবর) তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

মৃত উদ্ধারকৃত শিক্ষার্থীর নাম সোহান আল মাফি । তিনি চবির লোক প্রশাসন বিভাগের ১৬-১৭ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে ঢাকার একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় (এনজিও) কর্মরত ছিলেন তিনি। তাঁর পরিবারের বসবাস ঢাকার মিরপুরে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে লামার সাদা পাহাড় এলাকায় মাতামুহুরি নদীতে গোসলে নামেন সোহান আল মাফি। এসময় প্রবল স্রোতের তোড়ে তলিয়ে যান তিনি। ঘটনাস্থল লামা উপজেলা সদর থেকে প্রায় আট কিলোমিটার দূরে, যেখানে একটি অবকাশযাপনকেন্দ্রে পর্যটকদের থাকার ব্যবস্থা রয়েছে।

নিহতের বন্ধু ইবরাহীম খালিল বলেন, “সদা হাস্যোজ্জ্বল ও প্রাণবন্ত আমার বন্ধু সোহান। গতকাল গোসল করতে গিয়ে নদীর স্রোতে ভেসে নিখোঁজ ছিল। দীর্ঘ খোঁজাখুঁজির পর আজ মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হলো। আল্লাহ তাঁর ভুলত্রুটি মার্জনা করে জান্নাত দান করুন।”

মন্তব্য নেওয়া বন্ধ।