বান্দরবানে প্রবাসীর বাড়িতে চুরি, ২৭ ভরি স্বর্ণ লুট

বান্দরবানে এক প্রবাসীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ সময় সেখান থেকে ২৭ ভরি স্বর্ণ লুট করা হয়। এ ঘটনায় শনিবার (৮ নভেম্বর) সকালে প্রবাসীর ভাগিনা ফয়সাল বাদী হয়ে বান্দরবান সদর থানায় একটি মামলা দায়ের করেন। এর আগে শহরের বালাঘাটা এলাকার মাছ বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

মামলার এজাহারে জানা যায়, বালাঘাটা এলাকার মাছ বাজারের পিছনে প্রবাসী মুরাদ হোসেন সায়েমের স্ত্রী ও শাশুড়ি ও তার ভাইয়ের বউ বসবাস করতেন। গত ৩ নভেম্বর তার স্ত্রী অসুস্থ হলে কেরানীহাট আশশেফা হাসপাতালে ভর্তি হন। পরদিন ৪ নভেম্বর শাশুড়ি ও র ভাইয়ের বউ ঘর তালাবদ্ধ করে কেরানীহাটে ছেলের বউকে দেখতে যান।

পরে ৭ নভেম্বর সকালে বাসায় এসে দেখতে পান ঘরের ভিতরে স্টিলের আলমারি খোলা অবস্থায় পড়ে আছে এবং আলমারির সব স্বর্ণ গায়েব। এ সময় তাদের দুজনের দুটি আলমারিতে থাকা ২৭ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়ে যায়। তবে এ সময় অন্য সব জিনিসপত্র ঠিক ছিল।

তবে ঠিক কখন চুরি হয়েছে সে বিষয়ে নির্দিষ্ট করে জানা না গেলেও ধারণা করা হচ্ছে, ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর সকাল ১০টার মধ্যে যেকোনো সময় এ চুরির ঘটনা ঘটে থাকতে পারে।

এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, ‘এক প্রবাসীর বাসা থেকে ২৭ ভরি স্বর্ণ চুরি হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে, আশা করি দ্রুত আমরা আসামি ধরতে পারবো।’

মন্তব্য নেওয়া বন্ধ।