চট্টগ্রামের বোয়ালখালীতে অভিযান চালিয়ে অস্ত্রসহ ৪ জনকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (৭ এপ্রিল) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নে মসজিদঘাট এলাকায় এ অভিযান চালায় বোয়ালখালী সেনাক্যাম্পের সদস্যরা।
এ সময় তাদের কাছ থেকে ২টি লোকাল গান, ৩টি গুলি, ৫৭টি দেশিয় অস্ত্র, ৯টি মোবাইল সেট, ৭৫০ গ্রাম গাঁজা, ২ লিটার চোলাই মদ, ৪ হাজার ৭০০ দেরহাম বৈদেশিক মুদ্রা ও নগদ ৫২ হাজার ৬৭০ টাকা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, চরণদ্বীপ ইউনিয়নের মৃত হাসু মিয়ার ছেলে মো.বাবুল মিয়া (৫০), মৃত আফজাল আহম্মদের ছেলে মো. মনজুরুল আলম (৩৭), মৃত আনু মিয়র ছেলে মো. মুমিন হোসেন (২৪) ও মো. মুজাহিদের ছেলে মো. গ্যাস বাবুল (৫০)।
বোয়ালখালী সেনাক্যাম্প কমান্ডার মেজর রাসেল বলেন, চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ নানা ধরনের অপরাধ কার্যক্রম পরিচালনা করে আসছিল আটককৃতরা। গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় তাদের কাছ থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। তাদেরকে বোয়ালখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।



মন্তব্য নেওয়া বন্ধ।