ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ জরুরি: ডিসি

চট্টগ্রাম নগরের ঐতিহাসিক কোর্ট হিলে অবস্থিত বহু পুরোনো স্মারক ‘জিরো পয়েন্ট’ সংস্কার শেষে নতুন রূপে উদ্বোধন করা হয়েছে। শনিবার (৭ মার্চ) চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।

উদ্বোধনকালে তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ অত্যন্ত জরুরি। একটি জাতির ইতিহাস ও ঐতিহ্যই তার সংস্কৃতির শেকড় নির্ধারণ করে এবং আগামী প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেয়।

জেলা প্রশাসক জানান, দায়িত্ব গ্রহণের পর কোর্ট হিল এলাকায় পরিদর্শনের সময় জিরো পয়েন্টের জীর্ণ অবস্থা তাঁর নজরে আসে। পরে ইতিহাস অনুসন্ধান করে জানা যায়, ব্রিটিশ আমলে চট্টগ্রামের কেন্দ্রবিন্দু চিহ্নিত করতে এখানে একটি স্তম্ভ স্থাপন করা হয়েছিল, যা পরবর্তীতে ‘জিরো পয়েন্ট’ নামে পরিচিতি পায়।

তিনি বলেন, চট্টগ্রাম দেশের প্রধান বাণিজ্যিক কেন্দ্র। ১৮৬০ সালে কর্ণফুলী নদীর মোহনায় দুটি জেটির মাধ্যমে চট্টগ্রাম বন্দরের যাত্রা শুরু হয় এবং সেখান থেকেই এ অঞ্চলে বাণিজ্যিক কার্যক্রমের বিস্তার ঘটে। সে সময় বিভিন্ন স্থানের দূরত্ব ও পরিমাপ নির্ধারণের সুবিধার্থে ব্রিটিশ সরকার এই জিরো পয়েন্ট স্থাপন করে।

সংস্কারের মাধ্যমে জিরো পয়েন্টকে আরও দৃষ্টিনন্দন ও দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় করে তোলা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, চট্টগ্রামের ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ ও নগরের সৌন্দর্যবর্ধনে জেলা প্রশাসনের এই উদ্যোগ একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

মন্তব্য নেওয়া বন্ধ।