মধ্যরাতে মহাসড়কে গাড়ি ডাকাতি, আহত ৫

মিরসরাই

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই এলাকায় সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা।

মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নয়দুয়ারিয় এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, সীতাকুণ্ড উপজেলার বারআউলিয়া এলাকার রেজাউল করিম, নজরুল করিম, নুরুল করিমসহ আরও ২ জন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

জানা গেছে, উপজেলার মঘাদিয়া ইউনিয়নের কাজীরতালুক এলাকায় এক আত্মীয়র জানাজায় অংশ নিতে যান ভুক্তভোগীরা। রাতে চট্টগ্রামের উদ্দেশ্য রওনা দিলে পথিমধ্যে ডাকাতের কবলে পড়েন তারা। ডাকাত দলের সদস্যরা গাড়ি থামিয়ে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে। এ সময় ৫ ব্যক্তিকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাই করে নিয়ে যায়।

ভুক্তভোগী রেজাউল করিম বলেন, মিরসরাই থানা থেকে মাত্র দুই কিলোমিটার দূরে নয়দুয়ারি এলাকা। রাত সাড়ে ১২টার দিকে এমন ঘটনা কিছুতে মেনে নেওয়া যায় না।

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদা ইয়াসমিন জানান, ডাকাতির ঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য নেওয়া বন্ধ।