মহাসড়কে পড়েছিল থেঁতলে যাওয়া মরদেহ, পাশেই বাইক

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. হুমায়ুন হোসেন (২৬) নামের এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার মিঠাছরা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হুমায়ুনের বাড়ি মিরসরাই সদর ইউনিয়নের গড়িয়াস এলাকায়। সেই মিঠাছরা বাজারের সবজি ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল নিয়ে মহাসড়কে উঠার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় এমন দুর্ঘটনা ঘটে। নিহত হুমায়ুনের মরদেহ গাড়ি চাপায় একদম ছিন্নভিন্ন হয়ে থেঁতলে যায়। বাইক পাশে পড়ে ছিলো। পরে পুলিশ এসে মরদেহ নিয়ে যায়।

নিহতের সহকর্মী মনোয়ার হোসেন জানান, উপার্জন করার মত আর কোন ব্যক্তি নেই হুমায়ুনের পরিবারে। সকালে সবজি ব্যবসার জন্য প্রতিদিনের মত আজকেও বাজারে আসছিল। সে বেপরোয়া গতিতে কখনো বাইক চালাতো না। বাইপাস এলাকায় বড় গাড়িগুলো অতিরিক্ত বেপরোয়া গতিতে চলে। হাইওয়ে পুলিশ যদি নিয়মিত সড়কে গাড়ির ড্রাইভারদের সচেতন করে এমন দুর্ঘটনা থেকে অনেকে প্রাণে রক্ষা পাবে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ পরিদর্শক মো. বোরহান উদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনা-কবলিত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। অজ্ঞাত গাড়ির ধাক্কায় এমন দুর্ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য নেওয়া বন্ধ।