রাঙামাটিতে সৌরবিদ্যুৎ চালিত মাল্টিমিডিয়া ক্লাসরুম সিস্টেম বিতরণ করা হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হৃষিকেশ শীল, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সরিৎ কুমার চাকমা, জেলা পরিষদ সদস্য বৈশালী চাকমা, ইউএনডিপি জেন্ডার এন্ড কমিউনিটি কোহেসন চিফ ঝুমা দেওয়ান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সারা বিশ্ব শিক্ষা ব্যবস্থায় মাল্টিমিডিয়া ক্লাস শুরু হয়েছে অনেক আগেই। তবে পিছিয়ে নেই আমরাও। পার্বত্য জেলা রাঙামাটির দুর্গমতা ও বাস্তবতা বিবেচনা করে এখানে সোলার সিস্টেম মাল্টিমিডিয়া সামগ্রী প্রদান করা হলো।
বক্তারা আরও বলেন, এই সিস্টেমের কারণে শিশু কিশোররা ক্লাসের প্রতি আরো আগ্রহী হবে। যা পড়ছেন তার ভিজ্যুয়াল রূপ দেখতে পাবে। পরে এসকল যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ সঠিকভাবে ব্যবহারের পরামর্শ ও প্রশিক্ষণ প্রদান করা হয়।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ইউএনডিপির যৌথ প্রকল্প ইআরআরডির আওতায় জেলা পরিষদ বাস্তবায়িত অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের মেয়ে শিশু ও নারীর ক্ষমতায়ন কার্যক্রমের অধীনে ১৪১টি শিক্ষা প্রতিষ্ঠানে এই সিস্টেম বিতরণ করা হবে।
প্রথম দিনে জেলার ১০ উপজেলার ৪০ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের হাতে মাল্টিমিডিয়া ক্লাসরুম সিস্টেম তুলে দেয়া হলো। যেখানে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ, প্রতিবন্ধী স্কুল ও অনাথ আশ্রমও রয়েছে।



মন্তব্য নেওয়া বন্ধ।