মিয়ানমার হয়ে মালয়েশিয়া পর্যন্ত মানব পাচার, আটক ৫

টেকনাফ সীমান্ত

কক্সবাজারের টেকনাফে সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা সাগর পথে মানব পাচারকারী চক্রের শীর্ষ ৫ সদস্যকে আটক করেছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে এ বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।

আটকরা হলেন-টেকনাফ মিঠাপানির ছরার সৈয়দ আলম (২৯), মো. আব্দুল্লাহ (২২), মো. রিদুয়ান হোসেন (২০), মো. নুরুল আফসার (২০) এবং মো. আব্দুল হাকিম (৪০)।

লে. কর্নেল আশিকুর রহমান জানান, মানব পাচার প্রতিরোধে বিজিবি বেশ কিছু অভিযান পরিচালনা করেছে। আটক আসামিদের দেওয়া তথ্য এবং ব্যাটালিয়নের নিজস্ব গোয়েন্দাদের অনুসন্ধানে আমরা জানতে পারি বেশ কয়েকটি মানব পাচার চক্র কাজ করছে। তারা স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় মিয়ানমার থেকে বাংলাদেশে মানব ও মাদক পাচার এবং বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে মালয়েশিয়া পর্যন্ত মানব পাচারের মতো জঘন্য অপরাধের সঙ্গে জড়িত।

তিনি বলেন, গত ১০ সেপ্টেম্বর গভীর রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২ বিজিবির অধিনায়কের নেতৃত্বে গভীর রাত পর্যন্ত চলা অভিযানে একটি সংগঠিত পাচারকারী চক্রের শীর্ষ ৫ সদস্যকে হাতেনাতে আটক করা সম্ভব হয়।

আশিকুর রহমান আরও বলেন, চলতি বছরের পরিচালিত বিশেষ অভিযান গুলোতে সঙ্গবদ্ধ মানব পাচারকারী চক্রগুলোর মোট ৪৭ জনকে আটক করা হয়েছে। এবং ২১ জন আসামি এখনও পলাতক রয়েছে। তবে চক্রের মূল হোতা এবং বাকি সদস্যদের ধরতে আরও অভিযান পরিচালনার পরিকল্পনা ও প্রস্তুতি নিচ্ছে টেকনাফ ব্যাটালিয়ন। আটকদের ৫ জনের বিরুদ্ধে প্রচলিত আইন অনুসারে টেকনাফ থানায় মামলা রুজুসহ হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।