চট্টগ্রামের মিরসরাইয়ে ভোরবেলা একটি যাত্রীবাহী বাস কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দিলে ভয়াবহ দুর্ঘটনার সৃষ্টি হয়। খুলনা থেকে চট্টগ্রামগামী নিউ বলেশ্বর পরিবহনের বাসটি ঢুকে পড়ে কাভার্ড ভ্যানের পেছনে, দুমড়ে-মুচড়ে যায় বাসের সামনের অংশ। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই যাত্রী।
দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার ভোর পাঁচটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খৈয়াছড়া ইউনিয়নের মিরসরাই ফিলিং স্টেশনের সামনে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দ শুনে তাঁরা দৌড়ে গিয়ে দেখতে পান, বাসটি কাভার্ড ভ্যানের পেছনে লেগে আছে এবং ভেতরে যাত্রীরা আতঙ্কে চিৎকার করছেন।
ফায়ার সার্ভিস জানায়, চালক চোখে ঘুম নিয়ে বাস চালাচ্ছিলেন বলে যাত্রীরা অভিযোগ করেছেন। এই গাফিলতিতেই ঘটে দুর্ঘটনাটি। আহত দুই যাত্রীর একজন সামনের আসনে আটকে পড়েন। আধা ঘণ্টা চেষ্টায় তাঁকে উদ্ধার করা হয়।
আহতরা হলেন খুলনার আনোয়ার হোসেন (২৮) ও নৌবাহিনীর সদস্য মো. রায়হান ইসলাম (৩৮)। আনোয়ারকে ভর্তি করা হয়েছে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। রায়হানকে প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম নগরের নেভি হাসপাতালে পাঠানো হয়েছে।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছেন। বাসটি হেফাজতে নেওয়া হয়েছে, এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।



মন্তব্য নেওয়া বন্ধ।