চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে গ্যাস সিলিন্ডারবোঝাই একটি ট্রাক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় মহাসড়কে ছড়িয়ে পড়ে শতাধিক গ্যাস সিলিন্ডার।
সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নিজামপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আব্দুর রহমান (৪২)। তিনি উপজেলার করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি কিছুটা দৃষ্টিপ্রতিবন্ধী ছিলেন এবং ভিক্ষা করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দিলে কাত হয়ে পড়ে যায়। এতে ট্রাকে থাকা গ্যাস সিলিন্ডারগুলো সড়কের ওপর ছড়িয়ে পড়ে। দুর্ঘটনায় সড়ক বিভাজকের ওপর পড়ে এক পথচারী থেঁতলে নিহত হন।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ভ্যানচালক মো. সালাউদ্দিন বলেন, দুর্ঘটনার পর কিছু লোক গ্যাস সিলিন্ডার নেওয়ার চেষ্টা করলেও স্থানীয়রা তা বাধা দেন। পরে হাইওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়।
কুমিরা হাইওয়ে পুলিশের সার্জেন্ট শামীম হোসেন জানান, গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে। নিহত ব্যক্তি পথচারী বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পলাতক রয়েছেন।



মন্তব্য নেওয়া বন্ধ।