“সম্ভাবনার আলো ছড়াক চারপাশে, গড়ি আলোকিত মিরসরাই একসাথে”—এ প্রতিপাদ্য সামনে রেখে মীরসরাইয়ের প্রত্যন্ত অঞ্চল ওসমানপুরে অনুষ্ঠিত হলো একটি ব্যতিক্রমী ও শিক্ষামূলক আয়োজন।
শনিবার (২৪ মে) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ভিত্তিক সংগঠন “মীরসরাই স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন”র উদ্যোগে ওসমানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার এবং শিক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম।
সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রবিউল ইসলাম এর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সেমিনার শুরু হয়। তিনি বলেন, “প্রত্যন্ত অঞ্চলের একটি বিদ্যালয়ে এই প্রথম এমন একটি গঠনমূলক আয়োজন হলো। শিক্ষার্থীদের জন্য এটি অত্যন্ত অনুপ্রেরণাদায়ক।”
তিনি এই উদ্যোগের জন্য মীরসরাই স্টুডেন্টস অ্যাসোসিয়েশনকে আন্তরিক ধন্যবাদ জানান।
সেমিনারে আলোচকরা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান ও বৈশিষ্ট্য, ভর্তি পরীক্ষার প্রস্তুতির পদ্ধতি, উচ্চশিক্ষার প্রয়োজনীয়তা, ও ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনার নানা দিক তুলে ধরেন। শিক্ষার্থীদের উৎসাহিত করতে সেমিনারে প্রশ্নোত্তর পর্ব এবং কুইজ সেগমেন্ট অন্তর্ভুক্ত ছিল, যেখানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জয়নাল উদ্দিন, সহ-সভাপতি মিনহাজ সাকিল, সহ ছাত্র কল্যাণ সম্পাদক সারজিল, সহ অর্থ সম্পাদক ইকবাল হোসেন, সদস্য রায়হান ভুঁইয়া ও মুরাদ, এবং বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মো. নুরে নবী।
সেমিনার শেষে বিদ্যালয়ের মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়, যার মধ্যে ছিল প্রয়োজনীয় খাতা-কলম, জ্যামিতি বক্স, ব্যাগ ইত্যাদি।
সংগঠনের সভাপতি আতিকুল ইসলাম জানান, ভবিষ্যতেও মীরসরাইয়ের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে আয়োজন করা হবে।



মন্তব্য নেওয়া বন্ধ।