রাঙামাটিতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

পার্বত্য জনপদ রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬ নম্বর সাজেক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শুকনাছড়া নামক এলাকা থেকে অস্ত্রসহ এক সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা।

সোমবার (২৮ এপ্রিল) উপজেলার শুকনাছড়া এলাকায় বাঘাইহাট জোন কমান্ডার লে. কর্নেল মো. মাসুদ রানার দিকনির্দেশনায় মেজর মো. আবু নাঈম খন্দকারের নের্তৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় আটককৃত সন্ত্রাসীর কাছ থেকে ১টি এলজি অস্ত্র, ২ রাউন্ড এ্যামোনিশন, ১০টি চাঁদা আদায়ের রশিদ বই, ১টি মোবাইল সেট, নগদ ২ হাজার ৪ শত ৮০ টাকা এবং ২টি হিসাবের খাতা জব্দ করা হয়।

আটককৃত হলেন—রাঙামাটি জেলার নানিয়ারচর থানার দেওয়ানপাড়া গ্রামের হরিদাস চাকমার ছেলে সুরেশ ওরফে বিদ্যুৎ চাকমা।

বাঘাইহাট জোন কমান্ডার লে. কর্নেল মাসুদ রানা জানান, সশস্ত্র সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে অস্ত্রের মুখে স্থানীয় জনসাধারণকে জিম্মি করে এলাকায় ব্যবসায়ীদের গাড়ি আটক করে চাঁদাবাজি করে আসছে। গোয়েন্দা সূত্রে জানতে পারি, শুকনাছড়া এলাকায় ৫ জন সশস্ত্র সন্ত্রাসী চাঁদা আদায় করছে। তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করলে ৪ জন পালিয়ে গেলেও একজনকে আটক করতে সক্ষম হই।

পরে আইনি ব্যবস্থা হিসেবে জব্দকৃত মালামাল ও আসামিকে সাজেক থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইহাট জোন কমান্ডার।

মন্তব্য নেওয়া বন্ধ।