রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকার একটি আবাসিক হোটেল থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ৯টার দিকে হোটেল কক্ষের ভেতর থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় হোটেলের ব্যবস্থাপক মো. কুতুব উদ্দিনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, হোটেলের কর্মীরা ওই নারীর কক্ষের দরজা দীর্ঘ সময় বন্ধ দেখে সন্দেহ হলে দরজায় নক করেন। সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পান তারা। এরপর তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেওয়া হয়।
হোটেল রেজিস্ট্রারে নিহত নারীর নাম লেখা ছিল ‘মুন্না সরকার’ এবং ঠিকানা দেওয়া ছিল ঢাকার ধানমন্ডি। তবে ঘটনার খবর পেয়ে চট্টগ্রামের পাহাড়তলী থেকে মো. আবদুল কাদের নামে এক ব্যক্তি এসে দাবি করেন, নিহত নারী তার স্ত্রী মুন্না আক্তার। তিনি এক সন্তানের জননী ছিলেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত নারীর পরিচয় ও মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার জন্য তদন্ত শুরু হয়েছে। তার পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
এ ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ হোটেল ব্যবস্থাপকসহ সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও বিষয়টি হত্যা কি না, সে বিষয়ে তদন্ত চলমান রয়েছে।



মন্তব্য নেওয়া বন্ধ।