পার্বত্য চট্টগ্রামের দুর্গম রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বিভিন্ন পাহাড়ি ও বাঙালি জাতিগোষ্ঠীর দুঃস্থ আড়াই হাজার পরিবারের মাঝে ৫০ মেট্রিক টন খাদ্যশস্য বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৩ মে) সকাল ১১টায় এই দুই দিনব্যাপী মানবিক সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন বিজিবির চট্টগ্রাম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাৎ মো. শাহরিয়ার ইকবাল।
বাঘাইহাট ৫৪ বিজিবি ও মারিশ্যা ২৭ বিজিবি ব্যাটালিয়নের যৌথ উদ্যোগে উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা মিলিয়ে ১১টি স্থানে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। বাঘাইহাট, মাচালং বাজার, মারিশ্যা, রুপকারি, খেদারমারা, আমতলি ও সরোয়ারতলীসহ বেশ কয়েকটি দুর্গম এলাকাকে এ কার্যক্রমের আওতায় আনা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবির খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল মো. আব্দুল মোত্তাকিম, বাঘাইহাট ৫৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকী এবং মারিশ্যা ২৭ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নোমান আল ফারুক।
বিতরণ কার্যক্রম শেষে ব্রিগেডিয়ার জেনারেল শাহরিয়ার ইকবাল বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বিজিবি প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। সরকারের স্বরাষ্ট্র, কৃষি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সমন্বয়ে পরিচালিত এ সহায়তা কর্মসূচি পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।



মন্তব্য নেওয়া বন্ধ।