রাঙ্গুনিয়ায় আল-হাইথাম ট্রাস্টের ফ্রি মেডিকেল ক্যাম্পে এক হাজার মানুষকে চিকিৎসা সেবা

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর সত্তদাগর পাড়ায় আল-হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প। সোমবার (২১ জুলাই) সকাল থেকে মরিয়মনগর লোকমান চেয়ারম্যান মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে প্রায় এক হাজার রোগী বিনামূল্যে চিকিৎসা গ্রহণ করেন।

ক্যাম্পে মেডিসিন, ডায়াবেটিস ও হরমোন, চর্ম ও যৌন রোগ, মা ও শিশু স্বাস্থ্য, গাইনী, কার্ডিওলজি এবং গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা প্রদান করেন।

আয়োজক সংগঠন আল-হাইথাম কল্যাণ ট্রাস্ট একটি অরাজনৈতিক ও সামাজিক সংগঠন হিসেবে স্থানীয়ভাবে পরিচিত। সংগঠনের সদস্যদের ভাষ্যে, সমাজের সুবিধাবঞ্চিত জনগণের জন্য মানবিক সেবা পৌঁছে দিতেই এই আয়োজন। তরুণ স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে পুরো ক্যাম্প ছিল প্রাণবন্ত ও সুশৃঙ্খল।

এক স্বেচ্ছাসেবক বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো। আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প তারই একটি উদাহরণ। ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাবো।”

স্থানীয় জনগণ এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন সেবা কার্যক্রম আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

মন্তব্য নেওয়া বন্ধ।