চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের রাইখালী এলাকায় কর্ণফুলী নদীতে ডুবে নিখোঁজ হওয়া দুই শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে চন্দ্রঘোনা রাইখালী ফেরিঘাট এলাকা থেকে শিশুটির মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে চট্টগ্রাম শহরের ষোলশহর এলাকা থেকে রিকশাচালক মো. আব্দুল গনির মেয়ে ও তার প্রতিবেশী ভোলা জেলার একটি পরিবারসহ মোট ছয়জন সদস্য বেড়াতে আসেন রাঙ্গুনিয়ার কোদালা ইউনিয়নের রাইখালী এলাকায়। মঙ্গলবার সকাল ৯টার দিকে কোদালা সোলতানিয়া মাদ্রাসার পাশে কর্ণফুলী নদীর তীরে খেলছিল রিকশাচালক আব্দুল গনির (৬) বছরের নাতি মোহাম্মদ ইমন এবং ভোলা থেকে আসা ৮ বছর বয়সী একটি মেয়ে। খেলতে খেলতে তারা নদীর গভীর পানিতে তলিয়ে যায়।
দুপুরে ভোলা থেকে আসা শিশুটির মরদেহ নদীতে ভেসে ওঠে এবং তা উদ্ধার করে চন্দ্রঘোনা থানা পুলিশ। তবে ইমন এখনো নিখোঁজ রয়েছে। স্থানীয় স্বজন ও উদ্ধারকর্মীরা তার সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছেন। ইমনের বাবা মো. ফোরকান জানান, সবাই অজান্তেই শিশুরা নদীর ধারে খেলতে গিয়েছিল এবং এ দুর্ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



মন্তব্য নেওয়া বন্ধ।