রাঙ্গুনিয়ায় জেলের জালে মিললো পাহাড়ি নারী মরদেহ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কর্ণফুলী নদী থেকে এক পাহাড়ি নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ এপ্রিল) সকাল ৭টা ৩০ মিনিটের দিকে উপজেলার গোডাউন ব্রিজের পাশে সরফভাটাতে কর্ণফুলী নদীতে জেলেরা মাধ ধরার সময় তাদের জালে মরদেহটি আটকে যায়।

নিহত পাহাড়ি নারীর নাম সামাপ্রু মারমা (৬৫)। তার বাড়ি রাঙামাটির বেতবুনিয়া উপজেলার কলমপতি বড়পাড়া একই গ্রামের সুইচাবাই চৌধুরীর মেয়ে।

রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন হালদার জানান, মরদেহটি একজন পাহাড়ি নারী ছিল,মরদেহটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এ সময় সঙ্গে থাকা একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়। তার থেকে ওই নারীর নাম জানা গেলেও বিস্তারিত জানা যায়নি। তার স্বজনদের খবর দেয়া হয়েছে। তাদের সঙ্গে কথা বলার পর মৃত্যুর কারণ জানা যাবে।

এদিকে ওই নারীর মেয়ের জামাই কলমপ‌তি সরকারি প্রাথ‌মিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতুশি মারমার সঙ্গে কথা হলে তিনি জানান, তার শাশুড়ির মানসিক সমস্যা রয়েছে। ভোরে আজানের আগে তিনি কাউকে কিছু না বলে ঘর থেকে বের হয়ে যান। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।

সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজা-খুঁজির একপর্যায়ে নদী থেকে মরদেহ উদ্ধারের খবর পেয়ে রাঙ্গুনিয়া থানায় যাচ্ছেন তিনি।

মন্তব্য নেওয়া বন্ধ।