প্রত্যাশীর উদ্যোগে এবং সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে বাস্তবায়নাধীন “সিমস প্রকল্প”র আওতায় রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নে স্থানীয় অংশীজনদের নিয়ে নিরাপদ অভিবাসন বিষয়ক ওরিয়েন্টেশন মঙ্গলবার (৮ জুলাই) সকালে নটিয়ারটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠান হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ওরিয়েন্টেশন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন শিলক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. আব্দুল আজিজ। সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রত্যাশী সিমস প্রকল্পের প্রজেক্ট অফিসার মীর নাজমুল হাসান ও মিজানুর রহমান।এতে ওরিয়েন্টেশনে শিলক ইউনিয়নের স্থানীয় সরকার প্রতিনিধি, জিএমসি সদস্য, মাইগ্রেশন ফোরাম সদস্য, স্থানীয় শিক্ষক ও সামাজিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
বক্তারা বৈধভাবে বিদেশগমন, নিরাপদ রেমিট্যান্স প্রেরণ, দক্ষতা উন্নয়ন এবং প্রতারণা থেকে বাঁচার জন্য সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা সরকারি টিটিসি থেকে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে দক্ষ শ্রমিক হিসেবে নিজেকে গড়ে তোলার পরামর্শ দেন। প্রধান অতিথি মো.আব্দুল আজিজ তার বক্তব্যে বলেন, বর্তমানে নিরাপদ অভিবাসনের গুরুত্ব আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। বিদেশ যেতে হলে প্রথমে সঠিক তথ্য জানতে হবে এবং নির্ভরযোগ্য উপায়ে প্রসেস সম্পন্ন করতে হবে।
স্থানীয় পর্যায়ে সবাই মিলে অভিবাসন নিয়ে কাজ করলে প্রতারণা ও দালাল চক্র অনেকাংশে কমে আসবে। প্রত্যাশী সিমস প্রকল্পের মতো উদ্যোগগুলো এই সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সভাপতি মো. মোহাম্মদ হোসেন বলেন, প্রবাসী কর্মীদের কষ্টার্জিত অর্থ দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাই অভিবাসন হতে হবে নিরাপদ, সুশৃঙ্খল ও মানবাধিকারসম্মত। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমরা সবসময় এ বিষয়ে সচেতনতামূলক কাজকে সহযোগিতা করে আসছি এবং আগামীতেও করবো।
অনুষ্ঠানে উপস্থিত সকলে নিরাপদ অভিবাসন বিষয়ে আরও বেশি কার্যক্রম গ্রহণের ওপর জোর দেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। সিমস প্রকল্প বাস্তবায়নে কারিগরি সহায়তা করছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা হেলভেটাস বাংলাদেশ।



মন্তব্য নেওয়া বন্ধ।