রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে মো. ওয়াজিহান (১৮ মাস) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার পৌরসভার ইছাখালী ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম পাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ওয়াজিহান স্থানীয় বাসিন্দা ও জনতা ব্যাংক রাউজান জলিল নগর শাখার ব্যবস্থাপক শাহ আলমের পুত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে ওয়াজিহানের মা তাকে বাড়ির ছাদে বালতির পানিতে গোসল করান। পরে তাকে নিচে নিয়ে এলেও কিছুক্ষণ পর গৃহস্থালি কাজে ব্যস্ত থাকাকালে সবার অগোচরে শিশুটি আবার ছাদে উঠে যায়। সেখানে বালতির পানিতে খেলতে গিয়ে অসাবধানতাবশত উপুড় হয়ে পড়ে যায়।

পরবর্তীতে পরিবারের সদস্যরা শিশুটিকে খুঁজে না পেয়ে ছাদে গিয়ে বালতির ভেতর নিথর অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।

মন্তব্য নেওয়া বন্ধ।