রাঙ্গুনিয়ায় লেবু বাগানে পাহাড়ি যুবক খুন,আহত ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আবারো সন্ত্রাসীদের গুলিতে লেবু বাগান পাহারায় থাকা এক পাহাড়ি যুবক খুন হয়েছে। এ সময় লেবু বাগানে থাকা আরও তিনজন আহত হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোররাতের দিকে উপজেলার সরফভাটার সীমান্তবর্তী এলাকার বোয়ালখালীর দুইজ্জাখালের লেমু এলাকার লেবু বাগানে এই ঘটনা ঘটে।

নিহতের নাম আওয়াইমং মারমা (৩৩)। তিনি উপজেলার সরফভাটা বড়খোলাপাড়া এলাকার অংসিপ্রু মারমার ছেলে। আহতরা হলেন, একই এলাকার মংসাযাই মারমার ছেলে মংরে মার্মা (৩৫), চাইপিউ মারমার ছেলে হ্লাসাথুই মারমা (২৫) এবং সাউচিং মারমার ছেলে উসাইমং মারমা (১৭)।

এ ঘটনায় বুকে গুলি লাগা অংরে মারমার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। বাকি আরও দু’জনের একজনের পেটে ও অন্যজনের হাতে গুলি লাগে। তারা তিনজনই বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনার বিষয়ে স্থানীয় মাস্টার অনন্ত চৌধুরী জানান, নিহত ও আহতরা হলেন লেবু চাষী৷ তারা লেবু বাগান পরিচর্যা, লেবু তুলা ও বিক্রি করে সংসার চালায়। সম্প্রতি বাগানে লেবু চুরির ঘটনা ঘটে চলেছে। তাই প্রায় রাতে তারা বাগান পাহাড়া দিতে সেখানে রাত্রিযাপন করে। বুধবার রাতেও তারা চারজন লেবু বাগান পাহরা দিতে গেলে ভোররাতে একদল সন্ত্রাসী তাদের ওপর হামলা করে। সন্ত্রাসীরা অতর্কিত গুলি চালালে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় এবং আহত হয় আরও তিনজন লেবু চাষী।

এ বিষয়ে জানতে চাইলে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহিন বলেন, স্থানীয় সূত্রে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। প্রাথমিকভাবে জানতে পারি একজান খুন হয়েছে। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

মন্তব্য নেওয়া বন্ধ।