রাজনৈতিক জমিদারি আর কোনো দলকে করতে দেওয়া হবে না: অধ্যক্ষ নুরুল আমিন

চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন বলেছেন, রাজনৈতিক জমিদারি আর কোনো দলকে করতে দেওয়া হবে না।বিএনপির জন্য তারা মামলা, জেল-জুলুম আর গুলির শিকার হলেও কোনো সাহায্য চাননি।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে ফটিকছড়ির নাজিরহাট পৌরসভা এলাকায় এক নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।

অধ্যক্ষ নুরুল আমিন বলেন, বিএনপির জন্য আমরা সবসময়ই ভাড়াটে কামলা কেটেছি। কাজ করেছি, ভোট দিয়েছি। বিএনপির কারণে মামলা খেয়েছি, জেলে গিয়েছি, গুলি খেয়েছি। আমাদের অনেক ছেলে নিখোঁজ; অনেককে পায়ে গুলি করে পঙ্গু করা হয়েছে। কিন্তু চিকিৎসা কিংবা জেল থেকে মুক্তির জন্য বিএনপির কাছ থেকে কোনো সাহায্য চাইনি।

তিনি আরও বলেন, আমরা নানাভাবে নির্যাতিত হয়েছি, অনেকের ব্যবসা-বাণিজ্য এবং চাকরি চলে গেছে। তবুও বিএনপির জন্য বিনা টাকায় কাজ করেছি। উদ্দেশ্য ছিল বিএনপিকে ক্ষমতায় রাখা ও ক্ষমতায় নিয়ে যাওয়া।

এ সময় তিনি সতর্ক করে বলেন, এক চাঁদাবাজির পরিবর্তে আরেক চাঁদাবাজকে পুনর্বাসন করা হবে না। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করাই তাদের লক্ষ্য।

সভায় সভাপতিত্ব করেন পৌর জামায়াতের সভাপতি বাইজিদ হোসেন মুরাদ। বক্তব্য রাখেন জামায়াতের নেতা অ্যাডভোকেট আলমগীর মোহাম্মদ ইউনুস ও ইসমাইল গণিসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

মন্তব্য নেওয়া বন্ধ।