রাজস্থলী আর্মি ক্যাম্পের অভিযানে অবৈধ সেগুন কাঠ উদ্ধার

রাঙামাটির রাজস্থলী উপজেলায় অবৈধভাবে পাচারের সময় ট্রাকভর্তি বিপুল পরিমাণ সেগুন কাঠ উদ্ধার করেছে সেনাবাহিনী। কাপ্তাই সেনা জোনের (৫৬ বেঙ্গল) আওতাধীন রাজস্থলী আর্মি ক্যাম্পের একটি টহল দল এ অভিযান চালায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৭ মে) রাতে রাজস্থলী উপজেলার ক্রংসাগুপাড়া এলাকায় সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মাসুদুল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে একটি কাঠবোঝাই ট্রাক আটক করা হয়। ট্রাকটিতে থাকা মূল্যবান সেগুন গোল কাঠের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ২০ হাজার টাকা। উদ্ধারকৃত কাঠ পরে রাজস্থলী বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

বন বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনী এবং বন বিভাগকে ফাঁকি দিয়ে সড়ক ও দুর্গম পাহাড়ি পথে অবৈধ কাঠ পাচার করে আসছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

মন্তব্য নেওয়া বন্ধ।