কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে চাকরিতে পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ৭–৮ জন শিক্ষক আহত হন এবং বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।
বুধবার (২০ আগস্ট) সকাল ৯টার দিকে উখিয়া উপজেলা সদর স্টেশনের ফলিয়াপাড়া রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৪০–৫০ জন চাকরিচ্যুত শিক্ষক শান্তিপূর্ণভাবে সড়কের পাশে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছিলেন। তারা জানান, কোনো ধরনের জনদুর্ভোগ সৃষ্টি না করলেও পুলিশ হঠাৎ তাদের সরে যেতে নির্দেশ দেয়। নির্দেশ অমান্য করলে আন্দোলনকারিদের ওপর লাঠিচার্জ করা হয়।
এতে কয়েকজন আহত হয়ে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। পুলিশ ঘটনাস্থল থেকে প্রায় ১০–১৫ জনকে আটক করে।
এ বিষয়ে পুলিশের কোনো কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও সাড়া পাওয়া যায়নি। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, আটককৃতদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক ও এনসিপি নেত্রী জিনিয়া শারমিন রিয়া রয়েছেন।
প্রসঙ্গত, গত তিন মাস ধরে চাকরিচ্যুত শিক্ষকরা তাদের পুনর্বহালের দাবিতে আন্দোলন করে আসছেন। বারবার আশ্বাস দিলেও সমাধান না মেলায় তারা সড়কে নেমে আসেন। সর্বশেষ আজকের ঘটনায় পুলিশ ও শিক্ষকদের মুখোমুখি অবস্থান সৃষ্টি হয়েছে।



মন্তব্য নেওয়া বন্ধ।