পার্বত্য জেলা রাঙামাটির লংগদু উপজেলায় রাজনগর জোন ৩৭ বিজিবির সাহসী অভিযানে জারুলছড়া এলাকায় বিপুল পরিমাণ অবৈধ কাঠ উদ্ধার করেছে।
রবিবার গোপন সূত্রের ভিত্তিতে, রাজনগর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. নাহিদ হাসানের নির্দেশনায় হাবিলদার মো. মনিরুজ্জামানের নেতৃত্বে বিজিবির একটি টহলদল অভিযান পরিচালনা করে।
অভিযানে পাহাড়ি জঙ্গলে পরিত্যক্ত অবস্থায় ২৭৭ সিএফটি গামারী কাঠ উদ্ধার করে, যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ১৫ হাজার ৫০০ টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, চলতি বছরজুড়ে রাজনগর ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ এলাকায় ৩১টি দুঃসাহসিক অভিযানে মোট ২২৭৭.৭৩ সিএফটি অবৈধ কাঠ উদ্ধার করেছে, যার সিজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা।
স্থানীয়রা জানান, পাহাড়ের আড়ালে সক্রিয় এক চোরাকারবারি সিন্ডিকেট গোপনে পাহাড়ি আঞ্চলিক সন্ত্রাসীদের চাঁদা দিয়ে বিলুপ্তপ্রায় বৃক্ষরাজি নিধন করছে। চোরাচালানকারীদের টাকায় পাহাড়ি সবুজ বনানী এখন অস্তিত্ব সংকটে।
রাজনগর ব্যাটালিয়ন ৩৭ বিজিব অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হাসান জানান, “অবৈধ কাঠ পাচারের কারণে বনাঞ্চলের ভয়াবহ ক্ষতি হচ্ছে এবং পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে বিপর্যস্ত হচ্ছে। বিজিবির নিরলস তৎপরতায় এই চক্রান্ত রুখে দেয়া সম্ভব হয়েছে। কিছু অসাধু ব্যবসায়ী চোরাপথে কাঠ পাচার করে জাতীয় রাজস্বেরও অপূরণীয় ক্ষতি করছিল।”
তিনি আরও জানান, বিজিবির গোয়েন্দা নজরদারি ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেয়া হবে। সীমান্তবর্তী অঞ্চলগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে রাজনগর ব্যাটালিয়ন সতর্ক অবস্থানে রয়েছে।
পাহাড়ের গহীনে বিজিবির এসব ঝড়ের গতির অভিযানে কাঠ সিন্ডিকেটের ভিত কেঁপে উঠেছে। এ ধরণের ধারাবাহিক অভিযানে পাহাড় আবারও সবুজের সমারোহে ভরে উঠবে বলে আশা করেন স্থানীয়রা।



মন্তব্য নেওয়া বন্ধ।