লংগদু-নানিয়ারচর সংযোগ সড়ক বাস্তবায়নের দাবি

পাহাড়ের অন্যতম জেলা রাঙামাটির লংগদু ও নানিরয়াচর উপজেলার সঙ্গে সংযোগ সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় ছাত্র জনতা ও এলাকাবাসী।

বৃহস্পতিবার দুপুরে লংগদু উপজেলা সদরে উপজেলাবাসীর আয়োজিত মানববন্ধনে প্রেসক্লাবের সভাপতি এবিএস মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর নাছির উদ্দীন, ছাত্র জনতার পক্ষে মো. সেলিম, শামসুল ইসলাম মাসুদ ও কলিন্স চাকমা প্রমুখ।

দীর্ঘ ৫৪ বছরের সাধনা রাঙামাটি জেলা সদরের সাথে সংযোগ সড়ক হয়ে, নানিয়ারচর দিয়ে লংগদু হয়ে বাঘাইছড়ি সাজেক পৌঁছাবে এ এলাকার কর্মজীবী, ব্যবসায়ী ও খেটে খাওয়া সাধারণ মানুষ। যখন সেই আশার প্রতিফলন ঘটছে তখনই বাঁধা হয়েছে দাঁড়িয়েছে পাহাড়ে বসবাসরত একদল সন্ত্রাসী গোষ্ঠী বলে অভিযোগ স্থানীয়দের।

মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও জেলা সদরের সাথে লংগদু উপজেলার সড়ক পথে যোগাযোগ না থাকা সরকারের চরম ব্যর্থতা। আমরা একাধিকবার সমাবেশ ও মানববন্ধন করে সরকার বরাবর স্মারক লিপি প্রেরণ করলেও অদৃশ্য কারণেই থমকে আছে লংগদু নানিয়ারচর সংযোগ সড়কটি।

প্রতিবাদ জানিয়ে তারা আরও বলেন, পাহাড়ে সন্ত্রাসীরা এর আগেও বিভিন্ন উন্নয়নমূলক কাজে বাঁধা হয়ে দাড়িয়েছে। এখন আবার নতুন করে তিন উপজেলার স্বপ্নের সড়ক নানিয়ারচরে ২৪ কিলোমিটার নির্মাণ কাজ বন্ধ করে দিতে পায়তারা করছে। তাই দ্রুত সময়ে সেনাবাহিনীর মাধ্যমে জেলা শহরের সাথে সংযোগ সড়কটি বাস্তবায়ন করে তিন উপজেলার সাধারণ মানুষের কষ্ট লাগব করা। অন্যথায় লংগদু, বাঘাইছড়ি ও নানিয়ারচরবাসী তীব্র আন্দোলন গড়ে তুলবে।

এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী সহ পাহাড়ি বাঙালি সম্প্রদায়ের জনসাধারণ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ২৬ মে নানিয়ারচর এলাকায় সংযোগ সড়ক নির্মাণ না করতে মানববন্ধন করে একদল পাহাড়ি জনগোষ্ঠী।

মন্তব্য নেওয়া বন্ধ।