লোহাগাড়ায় এনসিপি নেতার বিরুদ্ধে যুবদল নেতাকে মারধরের অভিযোগ

চট্টগ্রামের লোহাগাড়ায় এক যুবদল নেতাকে তুলে নিয়ে মারধর ও ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় এক নেতার বিরুদ্ধে। এ নিয়ে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে উপজেলা সদরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগী ওই ব্যক্তির নাম মোহাম্মদ ফারুক। তিনি বান্দরবানের লামার আজিজনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং একই ওয়ার্ড যুবদলের সভাপতি।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর ছেলে ফয়সাল উদ্দিন জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তার বাবা অসুস্থ দাদাকে চিকিৎসা শেষে লোহাগাড়া ডায়াবেটিক হাসপাতাল থেকে বাড়ি নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় ৭-৮ জন লোক এসে তার বাবাকে মারধর করে জোরপূর্বক গাড়িতে করে তুলে নিয়ে যায়। তুলে নেয়ার পর মারধর করে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করে সেটি ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। পরে পুলিশ বিকেল সাড়ে ৪টার দিকে লোহাগাড়া পোস্ট অফিস সংলগ্ন এলাকা থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে।

তিনি আরও জানান, তার বাবাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

অভিযুক্ত এনসিপির লোহাগাড়া উপজেলার প্রধান সমন্বয়ক জহির উদ্দিন বলেন, ফারুক মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। স্থানীয়রা তাকে ইয়াবাসহ আটক করে। সে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত বলে এক ভিডিওতে স্বীকারও করেছে। যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরে স্থানীয়রা তাকে পুলিশে সোপর্দ করেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, ঘটনার ব্যাপারে তদন্ত চলমান রয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।