লোহাগাড়ায় পরিত্যক্ত গ্যাসগান-টিয়ারশেল উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়ায় পরিত্যক্ত অবস্থায় একটি গ্যাসগান ও ১৭টি টিয়ারশেল উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, এগুলো থানা থেকে লুণ্ঠিত অস্ত্র ও সরঞ্জাম।

বুধবার (৩০ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার কলাউজান ইউনিয়নের তেলিপাড়া এলাকার নাজির হোসেনের বাড়ির পাশ থেকে অস্ত্র ও টিয়ারশেলগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় এক বাসিন্দা প্রথমে বস্তাবন্দি অবস্থায় এসব দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে লোহাগাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এগুলো উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা সরঞ্জামগুলোর উৎস, কবে কীভাবে এখানে আসলো এবং এর সঙ্গে কারা জড়িত—তা খতিয়ে দেখতে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি এগুলো ৫ আগস্ট থানা থেকে লুণ্ঠিত গ্যাসগান ও টিয়ারশেল হতে পারে। তবে এখনো নিশ্চিত নয়। বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে।

মন্তব্য নেওয়া বন্ধ।