চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাড়িয়েছে। এরমধ্যে ঘটনাস্থলে ৭ জন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দুইজনের মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৮ জন। তবে এখনো পর্যন্ত হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
বুধবার (২ এপ্রিল) সকাল ৭টার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়ায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনারদিন সকালে কক্সবাজারমুখী একটি রিলাক্স পরিবহনের বাস ও বিপরীতমুখী দুটি যাত্রীবাহি মাইক্রোবাসের সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ৭ জন। নিহতের অধিকাংশই মাইক্রোবাসের যাত্রী। এ ঘটনায় আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ১ জনের এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আরও দুইজনের মৃত্যু হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, লাশের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় জানার পর আইনি প্রক্রিয়ায় লাশ হস্তান্তর করা হবে।
এরআগে ঈদের দিন সকালে একইস্থানে সৌদিয়া পরিবহনের একটি বাস এবং মিনিবাসের সংঘর্ষে ৫ জনের মৃত্যু হয়।
স্থানীয়রা বলছেন, ওইস্থানে প্রায় প্রতিদিনই সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার অন্যতম কারণ ঝুকিপূর্ণ ঢালু এবং অপ্রশস্ত সড়ক ও লবণবোঝাই গাড়ি থেকে নিঃসৃত পানি।



মন্তব্য নেওয়া বন্ধ।