ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ এনে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয়ে সাময়িক বরখাস্তকৃত সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে স্থায়ী বরখাস্তের দাবিতে ফের বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগেও ২০২৪ সালের ৫ আগস্টের পর একই দাবিতে কয়েক ঘণ্টা ধরে বিক্ষোভ হয়।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিদ্যালয়ের সাময়িক বরখাস্তকৃত সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম সুযোগ পেলেই ছাত্রীদের শরীর স্পর্শ করেন। বিভিন্ন সময়ে ছাত্রীর শ্লীলতাহানি করেন তিনি।
জানতে চাইলে অভিযুক্ত সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, এটি উদ্দেশ্যমূলকভাবে ফাঁসানো হচ্ছে।
বিক্ষোভে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাওলানা মো. জালাল উদ্দীন, স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস কাঞ্চন রুবেল, ইউপি সদস্য মোহাম্মদ ইদ্রিস, নুরু মিয়া, মোহাম্মদ লিটন, দেলোয়ার হোসেন, দিদারুল আলম, মোহাম্মদ মফিজ, ওসমান, আব্দুল হক প্রমুখ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাওলানা জালাল উদ্দীন বলেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে শিক্ষার্থীদের সাথে কথা বলে আমরা এসব অভিযোগের সত্যতা পাই। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকেও এ বিষয়ে তদন্ত হয়। কিছুদিন আগে আবারও অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে পূর্ণ তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে নোটিশ করা হয়, কিন্তু এখনো হয়নি।


