চট্টগ্রামের আনোয়ারায় সড়কে অতিরিক্ত মাত্রায় হর্ন ব্যবহার করে শব্দ দূষণসহ বিভিন্ন অপরাধের দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার চাতরী চৌমুহনী বাজার, কর্ণফুলী টানেল চত্ত্বরে অভিযান চালিয়ে ২২ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার।
আদালত সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এ মোবাইল কোর্টে বিভিন্ন অনিয়মের দায়ে ৬টি মামলায় ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এরমধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় ২টি মামলায় ২ জন ব্যবসায়ীকে ১৫, হাজার টাকা এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী ৪টি মামলায় ৪ জনকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার বলেন, ‘শব্দদূষণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে হাইড্রোলিক হর্ন ব্যবহারের অভিযোগে মামলা ও জরিমানা করা হয়েছে। এসময় নিয়মিত বাজার মনিটনিং অংশ হিসেবে বাজারেও অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।’



মন্তব্য নেওয়া বন্ধ।