সবুজ ধানখেত ঘেরা তারাবুনিয়া সড়ক, দীঘিনালায় পর্যটনের নতুন দিগন্ত

0

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার তারাবুনিয়া সড়ক এখন পর্যটকদের নতুন আকর্ষণে পরিণত হয়েছে। বিস্তীর্ণ সবুজ ধানখেতের মাঝ দিয়ে চলে যাওয়া এই পিচঢালা সড়কের দুই পাশে প্রকৃতির মনোমুগ্ধকর সৌন্দর্য টানছে দূরদূরান্ত থেকে আসা ভ্রমণপিপাসুদের।

সরেজমিনে দেখা যায়, সবুজ ধানখেতের মাঝখানে আঁকাবাঁকা সড়কটি যেন এক জীবন্ত প্রাকৃতিক ক্যানভাস। সড়কের এক পাশে পাহাড়ের সারি, অন্য পাশে সবুজের সমারোহ—সব মিলিয়ে এক অপূর্ব পরিবেশ সৃষ্টি হয়েছে। পর্যটকেরা কেউ গল্পে মেতে উঠছেন, কেউ মোটরসাইকেলে ঘুরে বেড়াচ্ছেন, আবার কেউ রাস্তার পাশে বসে উপভোগ করছেন স্থানীয় খাবার।

এলাকাটির আরেকটি বড় আকর্ষণ স্থানীয় পাহাড়ি পিঠা ও খাবার। প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত সড়কের দুই পাশে বসেন স্থানীয় পাহাড়ি নারীরা। তাঁরা পিঠা, ভর্তা, পাজন ও তাজা ফল বিক্রি করেন, যা পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

পিঠা বিক্রেতা নমিতা চাকমা জানান, পর্যটকরাই তাঁদের মূল ক্রেতা। ছুটির দিনে ২ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়, অন্য সময়ও প্রায় দেড় হাজার টাকার মতো আয় হয়। প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত তাঁরা ব্যবসা করেন।

স্থানীয় বাসিন্দা জেসমিন চাকমা বলেন, আগে এ এলাকায় তেমন কেউ আসতেন না। তবে এখন পরিবার-পরিজন নিয়ে অনেকেই এখানে ঘুরতে আসছেন, ফলে স্থানীয় নারীদের জন্যও আয়ের সুযোগ তৈরি হয়েছে।

কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞান বিকাশ চাকমা জানান, সড়কের সৌন্দর্য বাড়াতে দুই পাশে গাছ লাগানো হয়েছে। এতে পরিবেশ যেমন উন্নত হয়েছে, তেমনি পর্যটকদের কাছেও স্থানটি আরও আকর্ষণীয় হয়ে উঠেছে।

ভ্রমণে আসা মো. কিবরিয়া ও অতল চাকমা বলেন, আগে দীঘিনালায় ঘোরার মতো তেমন জায়গা ছিল না। কিন্তু এই সড়কটি তৈরি হওয়ার পর এটি এখন তাদের নিয়মিত ঘোরার স্থান হয়ে উঠেছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।