স্থানীয়দের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় একটি মামলা ও একটি জিডি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের আহত হওয়ার ঘটনায় ৯৮ জনের নামে মামলা করা হয়েছে। এতে অজ্ঞাত আসামি করা হয়েছে এক হাজার জনকে। আর চবির নিরাপত্তা দপ্তরের দেশীয় অস্ত্র লুটের ঘটনায় একটি জিডি করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. সাইফুল ইসলাম।
তিনি বলেন, সংঘর্ষের ঘটনায় একটি মামলা আর একটি জিডি করা হয়েছে। আর আমরা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক করতে যা করার সব করছি। শিক্ষার্থীদের অনুরোধ করবো তারা যেন দ্রুত ক্লাস-পরীক্ষায় ফেরে। শিক্ষার্থীদের পরিস্থিতি স্বাভাবিক করতে তাদের এগিয়ে আসার আহ্বান।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের নিরপত্তা দপ্তর থেকে লুট হওয়া দেশীয় অস্ত্র ৪৮ ঘণ্টার মধ্যে ফেরত দিতে বিজ্ঞপ্তি জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের ৫ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে জব্দকৃত দেশীয় অস্ত্র নিরাপত্তা দপ্তরে সংরক্ষিত ছিল। যা গত ৩১ আগস্ট জোবরা গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষের সময় নিরাপত্তা দপ্তর থেকে চুরি হয়। চুরিকৃত দেশীয় অস্ত্রসমূহ যাদের কাছে আছে তাদেরকে বিজ্ঞপ্তি প্রকাশ থেকে ৪৮ ঘন্টার মধ্যে নিরাপত্তা দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া যাচ্ছে। অন্যথায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
অন্যদিকে, সংঘর্ষের পর মঙ্গলবারও (২ সেপ্টেম্বর) ১৪৪ ধারা জারি ছিল বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকায়। ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকায় ক্যাম্পাসে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল অন্যান্য দিনের তুলনায় কম।
এর আগে, গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে গতকাল বিকেল ৪টা পর্যন্ত দফায় দফায় শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে প্রায় ১৫০০ শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।



মন্তব্য নেওয়া বন্ধ।