চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের বঙ্গোপসাগর উপকূলে মাছ ধরতে গিয়ে জাহাজের ধাক্কায় দুই জেলে নিখোঁজের ঘটনা ঘটেছে।
ডুবে যাওয়া ওই নৌকায় ৬ জেলের মধ্যে ৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে পুলিশ, কোস্টগার্ড ও নৌ পুলিশ কাজ করছে।
মঙ্গলবার (২৬ জুলাই) দিবাগত রাত ৩ টায় বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। নিখোঁজ জেলেরা হলেন, উত্তর পরুয়াপাড়ার মৃত সৈয়দ নুরের পুত্র মোহাম্মদ হারুন মাঝি (৪৫) ও পেকুয়া উপজেলার উজানটিয়া গ্রামের আবু সৈয়দের পুত্র আবদুর রশিদ (৪২)।
ঘটনার প্রত্যক্ষদর্শী জেলে পেকুয়ার মো. মাহবুব (৩২) জানান, মঙ্গলবার রাতে মাছ ধরে আমরা সকলে ঘুমিয়ে গেছিলাম। ভোর রাতে একটি জাহাজ আমাদের নৌকাকে ধাক্কা দিলে তিন টুকরা হয়ে যায় আমাদের নৌকা। আমরা ভাসতে থাকি সাগরে।
ঔই সময় পাশ্ববর্তী একটি মাছ ধরার নৌকার সাহয্যে ৪ জনকে উদ্ধার করে উপকূলে নিয়ে আসে। বাকি দুইজনকে এখনও পাওয়া যায়নি।
নিখোঁজ রশিদের পিতা আবু সৈয়দ জানান, আমরা গরীব মানুষ, আমাদের জীবনের মূল্যও কম। গ্রামে সে লবণের চাষ করে সংসার চালাতো। মাছ ধরার মৌসুমে এলে আনোয়ারার রায়পুরে মাছ ধরার জন্য আসেন। আজ সকালে ফোন করে জানায় আমার ছেলে নিখোঁজ। তার স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে।
নিখোঁজ নৌকার মালিক সিরাজুল ইসলাম বলেন, নিখোঁজ হারুন ও রশিদসহ ৬ জন জেলে গত সোমবার সকালে পরুয়াপাড়া ছাত্তার মাঝির ঘাট থেকে নৌকা নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। এর পরের দিন গত মঙ্গলবার রাত ৩ টার দিকে বঙ্গোপসাগরে একটি জাহাজের ধাক্কায় তিন টুকরা হয়ে যায় মাছ ধরার নৌকা এবং সাগরে ভাসতে থাকে জেলেরা।
তিনি আরো বলেন, এসময় পাশ্ববর্তী উপর একটি মাছ ধরার নৌকার সাহয্যে ৪ জেলেকে উদ্ধার করা গেলেও বাকি দুইজনকে পাওয়া যায়নি। উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা এখন আমার বাড়িতে রয়েছে।
নিখোঁজদের স্বজনরা সকলে এসেছেন এখানে। নিখোঁজদের সন্ধানে কাজ করছে আমাদের তিনটি নৌকা।
বার আউলিয়া নৌ পুলিশের ইনচার্জ নাসির উদ্দিন বলেন, জেলেরা মাছ শিকার করে রাতে নৌকায় ঘুমিয়ে পড়লে চট্টগ্রাম বন্দর থেকে বরিশালগামী একটি লাইটকার জাহাজ তাদের নৌকাকে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে। এতে ৪ জন জেলে ফিরে এলেও ২ জেলে নিখোঁজ রয়েছে। নিখোঁজদের সন্ধানে পুলিশ, কোস্টগার্ড ও নৌ পুলিশ কাজ করছে।


