সাজেকে দুই দিন পর্যটক যেতে মানা

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সাজেকে দুই দিন (৬ ও ৭ ফেব্রয়ারি) সকল পর্যটন স্পট বন্ধ ঘোষণা করেছেন রাঙামাটি জেলা প্রশাসন। একই সাথে পর্যটকবাহী সকল ধরনের যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ইতোমধ্যে সাজেকের সকল রিসোর্ট মালিকদেরকেও দুই দিনের জন্য পর্যটকদের রিসোর্ট বুকিং নিতে নিষেধ করা হয়েছে বলে চট্টগ্রাম খবরকে নিশ্চিত করেছেন সাজেকের কয়েকজন রিসোর্ট মালিক।

আগামী ৭ ফেব্রয়ারি ৭ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাঙামাটি জেলার বাঘাইছড়ির ইউনিয়ন পরিষদগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফুল ইসলাম বলেন, আগামী ৭ ফেব্রুয়ারি বাঘাইছড়ি উপজেলায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই বাঘাইছড়ির সাজেকের সকল পর্যটন স্পট বন্ধ থাকবে। তিনি বলেন, ইতিমধ্যে আমরা প্রশাসন থেকে সাজেকের সকল রিসোর্ট মালিকদেরকে ৬ ও ৭ ফেব্রুয়ারি দুইদিনের জন্য পর্যটকদের রিসোর্ট বুকিং নিতে নিষেধ করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইউপি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বাঘাইছড়ি এবং সাজেকে পর্যটকবাহী সকল ধরনের যানবাহন বন্ধ এবং পর্যটন স্পট বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে, বুধবার (২) ফেব্রুয়ারি রাতে বান্দরবানের রুমা উপজেলার বথি পাড়ায় সেনাবাহিনীর সঙ্গে জনসংহতি সমিতির সন্ত্রাসী দলের গোলাগুলিতে মো. হাবিবুর রহমান নামে এক সেনা কর্মকর্তাসহ তিন সন্ত্রাসী নিহতের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বাড়ানো হয়েছে আইন শৃঙ্খলাবাহিনীর টহলও।

সিএস/এফএম

মন্তব্য নেওয়া বন্ধ।