পার্বত্য জেলা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট এলাকায় বন্যা কবলিতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনীর বাঘাইহাট জোন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে বাঘাইহাট জোনের উদ্যোগে পানিবন্দি অর্ধশতাধিক হতদরিদ্র এবং দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বাঘাইহাট জোন কমান্ডার লে. কর্নেল মো. মাসুদ রানা।
এসময় আরও উপস্থিত ছিলেন বাঘাইহাট জোন এর ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মো. আবু নাঈম খন্দকার, জোন এডজুটেন্ট ক্যাপ্টেন তাজরিয়ান, বাঘাইহাট বাজার কমিটির সভাপতি জনাব নাজিম উদ্দীন চৌধুরী, বাঘাইহাট বাজার কমিটির সহ-সভাপতি মো. রায়হান উদ্দিন, স্থানীয় ব্যাবসায়ী মো. ঈসমাইল হোসেন, বাঘাইহাট কাঠ ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি বাবুল হোসেন, ইউপি সদস্য দয়াধন চাকমা সহ স্থানীয় জনপ্রতিনিধিগণ।
ত্রাণ বিতরণকালে জোন অধিনায়ক বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করে থাকে। আমাদের সকলকে মনে রাখতে হবে, সবার উপরে দেশ। আমরা দল, মত, জাতির ঊর্ধ্বে উঠে সবার নিরাপত্তা নিশ্চিতে সংকল্পবদ্ধ। বাঘাইহাট জোনের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি বিভিন্ন দুর্যোগের সময় দুর্যোগ কবলিত মানুষের পাশে এবং উন্নয়নমূলক অবকাঠামো নির্মাণের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে জোন কর্তৃপক্ষ ভবিষ্যতেও এ ধরণের সহযোগিতা অব্যাহত রাখবে।



মন্তব্য নেওয়া বন্ধ।