বাংলাদেশ কোস্ট গার্ড সীতাকুণ্ডে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় কাপড় ও বিদেশি সিগারেট জব্দ করেছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমকে এ তথ্য জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি জানান, সীতাকুণ্ড থানার ছোট কুমিরা বাজার সংলগ্ন ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় কাপড় ও বিদেশি সিগারেট পাচারের চেষ্টা করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৯টার দিকে কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারীর একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে।
অভিযানকালে একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে প্রায় ৮ কোটি ৯২ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও লেহেঙ্গাসহ ১ হাজার ২৯৮ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়। এ সময় গাড়িটির চালক ও হেল্পারের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
জব্দ করা মালামাল পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য চট্টগ্রাম কাস্টমস-এর কাছে হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।



মন্তব্য নেওয়া বন্ধ।